কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এ আসনের মোট ১১৬টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। ফলাফল ঘোষণা ঘিরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা।
সারা দেশের মতো কুমিল্লা-৪ আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভোট শেষে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ব্যালট গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবারের নির্বাচনে জাতীয় সংসদের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকলেও বেসরকারি হিসেবে হাসনাত আব্দুল্লাহর বিজয় নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।