আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের সব শ্রেণি-পেশার ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এই যুগান্তকারী গণভোট ও নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক ধারা ও জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রকাশ ঘটিয়েছে, এই নির্বাচন সেই আকাঙ্ক্ষার প্রাতিষ্ঠানিক রূপায়ণ। গণভোটের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো সম্পর্কে মতামত দেবেন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দায়বদ্ধ জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, বিপুলসংখ্যক তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত নাগরিকরাও অংশ নিতে পারবেন। তাই নির্বাচন যেন প্রতিটি ভোটারের জন্য আনন্দময়, শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য অভিজ্ঞতা হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের সংযম ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার অনুরোধ করেন।