Skip to main content

Ridge Bangla

মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে ক্যাম্পের ‘ই’ ব্লকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন। রাত সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্যে কোনো হতাহতের খবর মেলেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, প্রাথমিকভাবে ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে গেছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

This post was viewed: 31

আরো পড়ুন