Ridge Bangla

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও সোনা মিয়ার টেক্কি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলোচিত এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ওই মাদককারবারি এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। অভিযানে তার সঙ্গে যুক্ত আরও ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদককারবারি শাওনসহ তার সঙ্গী আনোয়ার, শাকিল, শুভ ও বেলালকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, শাওন দীর্ঘদিন ধরে হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় তাকে শনাক্ত করা হয়। নিয়মিত অবস্থান পরিবর্তন ও আত্মগোপনে থাকার ফলে একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্পের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট তথ্য ও পরিকল্পনার মাধ্যমে শেষ পর্যন্ত তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটটি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, একটি চাইনিজ ছুরি, আটটি সামুরাই, পাঁচটি চাপাতি, একটি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ভাঙা ইয়াবা, ৪৭৫ গ্রাম ও ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং একটি মাদকের ওজন পরিমাপের মেশিন।

This post was viewed: 20

আরো পড়ুন