Ridge Bangla

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিলের সুযোগ নেই: ইসি মাছউদ

জামায়াতের মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচন বাতিল করা হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইসি মাছউদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করতে হয়। সে অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে এবং আইন অনুসারে নির্ধারিত সময়ের আগে নতুন তফসিল ঘোষণা সম্ভব নয়।

তিনি বলেন, “আরপিওতে যেসব বিধান রয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার প্রশ্নই আসে না।”

নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় ভুক্তভোগী বা সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ জানাতে পারবেন।

তিনি আরও জানান, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি নিজে আচরণবিধি লঙ্ঘন করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করেন, সেক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে ইনকোয়ারি কমিটিতে অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় প্রয়োজনে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা নেবে।

সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি মাছউদ বলেন, “আমরা মনে করি দেশের নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো রয়েছে।”

This post was viewed: 19

আরো পড়ুন