আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট করে বলেন, একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা ও সদিচ্ছা সংশ্লিষ্ট সব পক্ষের রয়েছে। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সবাই নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ফলে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেনাপ্রধান বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে কিছু অসাধু চক্র মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের চেষ্টা করতে পারে। এ বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, কিছু অপরাধী ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে ভোটের দিন সবাই এ ধরনের অপরাধে জড়াবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত বাহিনীকে সক্রিয়ভাবে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সফরের অংশ হিসেবে তারা সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।