Ridge Bangla

নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দি রাখতে চায় এবং নারীদের নিয়ে অসম্মানজনক শব্দ ব্যবহার করছে। তিনি বলেন, যারা মানুষের মর্যাদা বোঝে না, তাদের হাতে কেউ নিরাপদ থাকতে পারে না।

তারেক রহমান বলেন, “একটি দলের নেতা নারীদের নিয়ে যে ভাষা ব্যবহার করেছেন, তা নিন্দনীয়। নারীদের পেছনে রেখে কোনোভাবেই দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন, ইসলাম কায়েমের দাবিতে থাকা দলটি বাস্তবে নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.)-এর মতো কর্মমুখী নারীদের মর্যাদা বোঝে না।

তিনি অভিযোগ করেন, ওই দল ক্ষমতায় গেলে নারীদের কীভাবে অপদস্ত করতে পারে, তার উদাহরণ ১৯৭১ সালের ইতিহাসে স্পষ্ট। দেশের গার্মেন্টস শিল্প ও প্রতিটি পরিবারের নারী আজ স্বাবলম্বী হয়ে আয়ের হাল ধরছেন, অথচ তাদের অবমাননা করা হচ্ছে।

তারেক রহমান নারী সমাজকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি সরকার গঠিত হলে প্রতিটি গৃহিণী ও মায়ের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যা তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ দেবে।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে ধর্মকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার করছে একটি দল। নারীদের প্রতি তিনি আহ্বান জানান, মা-বোনরা নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় সচেতন হোক।

বিএনপি চেয়ারপারসন এ সময় জামায়াত আমিরের ‘আইডি হ্যাক’ দাবি প্রসঙ্গে বলেন, মিথ্যাচার ও বিভ্রান্তির আশ্রয় নিচ্ছে তারা। তিনি জানান, বিএনপি দেশের নারী শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে দেশ পুনর্গঠনের চেষ্টা করবে।

This post was viewed: 19

আরো পড়ুন