আজ মঙ্গলবার পবিত্র শবে-ই বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি মুসলমানদের কাছে ক্ষমা, মুক্তি ও সৌভাগ্যের রজনী হিসেবে বিশেষ মর্যাদায় বিবেচিত। ফারসি ভাষায় ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় একে বলা হয় ‘লাইলাতুল বরাত’।
হাদিসের বর্ণনা অনুযায়ী, এ মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ছাড়া সকলকে ক্ষমা করে দেন। পবিত্র এই রাতটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত। শবে-ই বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতে রাত অতিবাহিত করেন। অতীতের গুনাহ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাঁরা ভবিষ্যৎ জীবনের কল্যাণ, শান্তি ও সঠিক পথের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এ রাতে মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ-রাষ্ট্র এবং সমগ্র মানবজাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
শবে-ই বরাতের আগের দিন বা পরের দিন রোজা রাখা সুন্নত হওয়ায় অনেক মুসলমান দুই দিন রোজা পালন করেন। পবিত্র এই রাতকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মসজিদে নফল ইবাদত, ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও মোনাজাতের আয়োজন রয়েছে। পবিত্র শবে-ই বরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এদিন সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।