আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কেন্দ্র দখল রোধে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যাম সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ড্রোন নজরদারি ও সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, ‘এত কিছুর পরও কেউ যদি আইন ভাঙার চেষ্টা করে, সে ভাই হোক বা বোন, কেউই ছাড় পাবে না। অল্প সময়ের জামিনে বেরিয়ে এলেও শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি হতে হবে।’
অবৈধ ও বৈধ অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, তবে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান প্রস্তুতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
ময়মনসিংহ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্রস্তুতি জাতিকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ঝিনাইগাতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে সময় লাগলেও কাউকে ছাড় দেওয়া হবে না।