Ridge Bangla

প্রবাসীদের পোস্টাল ভোটের ব্যালট দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের জন্য প্রবাসী নিবন্ধনকারীদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন ভোটার তাঁদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার তাঁদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

বিডি পোস্ট কর্তৃক ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) ভোটারদের মধ্যে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে সারা দেশে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছে গেছে। আজ সকাল ১১টা পর্যন্ত ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার তাঁদের ব্যালট গ্রহণ করেছেন, যার মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোট দিয়েছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

সালীম আহমাদ খান আরও জানান, প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসী ও দেশের ভোটাররা স্বচ্ছ ও নিরাপদভাবে ভোট দিতে পারবেন।

This post was viewed: 14

আরো পড়ুন