Ridge Bangla

নির্বাচন ঘিরে ৫৩ দিনে ২৭৪ সহিংসতা, প্রাণহানি ৫ জন: প্রেস উইং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৫৩ দিনে সারাদেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। পরিসংখ্যানে দেখা যায়, নির্বাচনী এই সময়ে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ঘটেছে ১৬টি এবং প্রার্থীর ওপর সরাসরি হামলার ঘটনা রয়েছে ১৫টি। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৫টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছিল সবচেয়ে বেশি- মোট ৮৯টি। পাশাপাশি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে ৩টি এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ৯টি। নির্বাচনী প্রচারকার্যে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ২৯টি। নির্বাচন-সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে ২০টি। এ ছাড়া অবরোধ ও বিক্ষোভের ঘটনা রয়েছে ১৭টি এবং সংখ্যালঘুদের ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে ৭০টি।

প্রেস উইংয়ের পরিসংখ্যানে আগের নির্বাচনগুলোর তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনায় নিহত হন ১১৫ জন এবং আহত হন ৩১৫ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতায় নিহত হন ২২ জন ও আহত হন ৭৮০ জন। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতার ঘটনায় নিহত হন ৬ জন এবং আহত হন ৪৬০ জন।

This post was viewed: 21

আরো পড়ুন