Ridge Bangla

নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে কেন্দ্র করে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান আজ গাজীপুর জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁরা নির্বাচনকালীন নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ গাজীপুরে এ সফর করেন।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় তিন বাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিন বাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

This post was viewed: 20

আরো পড়ুন