Ridge Bangla

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ লক্ষ্যে গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছে দলটি।

বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনের প্রস্তাবনাগুলো বিএনপি গভীরভাবে পর্যালোচনা করবে এবং গণতন্ত্র শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, যেসব দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, সেখানে গণতান্ত্রিক কাঠামোও সুদৃঢ় হয়েছে। বর্তমান বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, মুহূর্তের মধ্যে তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই দায়িত্বশীল সাংবাদিকতা ও সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশন জরুরি, যাতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে সমুন্নত থাকে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার ফলে ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে। তবে বিগত ১৬–১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মালিকের চাকরি নয়, বিবেকের চাকরি করাই সাংবাদিকতার প্রকৃত আদর্শ।”

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 23

আরো পড়ুন