Ridge Bangla

বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার

বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে অবাস্তব ও ভুয়া আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই ঘোষণা শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই লোক দেখানো। তাঁর দাবি, দেশের মোট জনসংখ্যা প্রায় ১৮ কোটি হলেও বিএনপি ৫০ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি অতীতেও বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন জনগণ কখনো দেখেনি। এ ধরনের আশ্বাস জনগণকে বিভ্রান্ত করার কৌশল ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের একটি বক্তব্যের জবাবে জামায়াতের অবস্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের সঙ্গে একসময় রাজনৈতিকভাবে যুক্ত থাকার সময় জামায়াত কেন পদত্যাগ করেনি- এ প্রশ্ন তোলা হচ্ছে। এর জবাবে জামায়াতের আমির বলেছেন, দুর্নীতির মধ্যেও সৎ থেকে রাজনীতি করা সম্ভব- এটি প্রমাণ করতেই তখন জামায়াত দায়িত্বে ছিল। দাড়ি-টুপি পরা মানুষ দেশ চালাতে অযোগ্য- এই ধারণার বিপরীতে জামায়াত বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি রাষ্ট্রক্ষমতায় থেকে দুর্নীতি, দলীয়করণ ও নির্যাতনের রাজনীতি করেছে। নৈতিকতা ও মানবিকতার প্রশ্নে এসব দল ব্যর্থ হওয়ায় জনগণকে এখন তাদের লালকার্ড দেখাতে হবে। জনসভায় অভিযোগ করা হয়, জামায়াতের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে বিএনপি পরিকল্পিতভাবে সাইবার আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নানা হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকায় অনিয়মের সুযোগ থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে এবং নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার দেওয়া হবে। ভবিষ্যতে জামায়াতের আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

This post was viewed: 16

আরো পড়ুন