বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ড. হুমায়রা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় আগের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা ড. হুমায়রা সুলতানা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমান বাংলাদেশের এমডি ও সিইও পদে দায়িত্ব পালন করবেন।
অপরদিকে, একই আদেশে উল্লেখ করা হয়, ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় বিমান বাংলাদেশের তৎকালীন এমডি ও সিইও মো. সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে উত্তরা থানা পুলিশ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় আদালত মোট চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামি হলেন গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ড. মো. সাফিকুর রহমান বিমান বাংলাদেশের এমডি হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৮৬ সালে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে বিমানে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসন ও মানবসম্পদ, প্রকিউরমেন্ট ও লজিস্টিকস সাপোর্ট এবং বিপণন ও বিক্রয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিসে বিমানের কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে অবসরে যাওয়ার পর চুক্তিভিত্তিকভাবে পুনরায় তাকে নিয়োগ দেওয়া হয়।