Skip to main content

Ridge Bangla

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে ভাষণ দেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি বিটিভিতে তারেক রহমানের ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে একটি সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা কমিশনের অন্যতম অগ্রাধিকার।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য বিটিভিতে স্লট বরাদ্দ দিতে হবে। লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে এসব স্লট নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লটের মেয়াদ নির্ধারণ, প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার দায়িত্ব বিটিভির ওপর ন্যস্ত থাকবে।

নির্বাচন কমিশন জানায়, যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদের আবেদন প্রাপ্তির ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে কমিশনের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে ভাষণ প্রচারের জন্য আবেদন পাওয়া যায়নি।

এ কারণে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে তার চাহিদা অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

This post was viewed: 37

আরো পড়ুন