আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের একটি বড় অংশ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নকারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট বিদেশে পাঠানো হয়েছে।
এই ব্যালটগুলোর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ভোট দেওয়া ব্যালটের মধ্যে ৪ লাখ ১৫ হাজার ৭৬২টি সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা হয়েছে।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্যমতে, সারাদেশে ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ইতোমধ্যে ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ২৪ হাজার ৯১ জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। এদের মধ্যে ১৭ হাজার ৫৩ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ৯ হাজার ৮৪৩ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।