Ridge Bangla

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার রায় ঘোষণা ১৭ ফেব্রুয়ারি

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার একমাত্র আসামি আকবর হোসেন শিবলু শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, যুক্তিতর্ক শেষ হওয়ায় আদালত রায়ের তারিখ নির্ধারণ করেছেন। তিনি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত ২ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চারজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলার আবেদন করেন। পরে মোহাম্মদপুর থানা-পুলিশ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। চলতি বছরের ১৪ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলা থেকে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল নিখোঁজ হয়। পরবর্তীতে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন বিড়ালটিকে বারবার লাথি মারছেন। গুরুতর আঘাতে প্রাণীটি নিথর হয়ে পড়লেও আরও আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন