আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ সেল গঠন করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উদ্ভূত যেকোনো আইনশৃঙ্খলা-সংক্রান্ত অভিযোগ, তথ্য কিংবা জরুরি পরিস্থিতি দ্রুত জানাতে সংশ্লিষ্ট সবার জন্য নির্দিষ্ট যোগাযোগ নম্বর চালু করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আইনশৃঙ্খলা সমন্বয় সেলের জরুরি টেলিফোন নম্বরগুলো হলো ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। এছাড়া তাৎক্ষণিক যোগাযোগের সুবিধার্থে দুটি মোবাইল নম্বরও চালু করা হয়েছে। এর মধ্যে ০১৫৫০-০৬৪২২৬ নম্বরটি হোয়াটসঅ্যাপসহ ব্যবহারের জন্য উন্মুক্ত এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও সরাসরি যোগাযোগ করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনকালীন সময়জুড়ে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে এই সেল কাজ করবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ, গুজব বা বিশৃঙ্খলা মোকাবিলা এবং জরুরি সিদ্ধান্ত গ্রহণে এ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন ও গণভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে কিংবা কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত সমন্বয় সেলের সঙ্গে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে নির্বাচন ও গণভোট একটি সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে।