Ridge Bangla

প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা–টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় আজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলার রায় আজ ঘোষণা করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার সন্তান এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা এসব মামলার রায় সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ ঘোষণা করবেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি নিয়ম লঙ্ঘনের মাধ্যমে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেন। এ বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। মামলা দুটিতে শেখ রেহানার আরেক মেয়ে ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়। দুদকের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এ মামলাগুলোর বিচার কার্যক্রম পরিচালিত হয়।

মামলার নথি অনুযায়ী, পূর্বাচল প্রকল্পে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রূপন্তীসহ ১৬ জন এবং ববিসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে একই বছরের ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি বছরের ১৩ ও ১৮ জানুয়ারি দুই মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। রায়কে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

This post was viewed: 10

আরো পড়ুন