Ridge Bangla

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

একটি গোষ্ঠী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন।

স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে অনলাইনে বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি হাতিয়ার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের জন্য খাসজমি বরাদ্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বাড়ানোর অঙ্গীকার করেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, দল ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করতে সরকারি উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের সহায়তায় কৃষি কার্ড কার্যক্রম অব্যাহত থাকবে। বেকারত্ব নিরসনে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, গত দেড় দশকে মানুষ ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। তিনি বলেন, এবারও একটি মহল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করার চেষ্টা করছে।

এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে কেন্দ্রে গিয়ে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে বিজয়ী করতে হবে।

This post was viewed: 6

আরো পড়ুন