Skip to main content

Ridge Bangla

মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দারা

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্পটির ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) থেকে প্রথমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের বসতঘর ও শেডে ছড়িয়ে পড়ে।

গভীর রাতে আগুন লাগার কারণে ঘুমন্ত ক্যাম্পবাসীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই ঘরবাড়ি ছেড়ে জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এর আগে গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। একই মাসের ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

This post was viewed: 26

আরো পড়ুন