Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে সন্ত্রাসী হামলায় ১ জন র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন র‍্যাব সদস্য। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম মো. মোতালেব। তিনি র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সন্ধ্যার দিকে র‍্যাবের একটি দল সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। অভিযানের সময় স্থানীয় সন্ত্রাসীরা হঠাৎ র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মোতালেবসহ চারজন গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. মোতালেবকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন র‍্যাব সদস্য বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

This post was viewed: 36

আরো পড়ুন