দোষারোপের রাজনীতিতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না- এমন মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের কল্যাণের জন্য। দীর্ঘদিন ধরে দেশে একে অপরকে দোষারোপ করার রাজনৈতিক সংস্কৃতি চললেও এখন পরিবর্তনের সময় এসেছে, আর সেই পরিবর্তনের সূচনা করেছে বিএনপি।
সোমবার দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে একটি ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা বিএনপি।
তারেক রহমান বলেন, আফিয়ার পরিবারের মতো দেশে অসংখ্য অসহায় পরিবার রয়েছে। প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে বিএনপি সবসময়ই এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তবে এককভাবে একটি রাজনৈতিক দলের পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা কঠিন। সে কারণেই বিএনপি সরকার গঠন করতে পারলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে এবং শহর থেকে গ্রাম পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ভারী বর্ষণ বা উজান থেকে পানি ছেড়ে দেওয়ায় সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে আফিয়ার পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।