Skip to main content

Ridge Bangla

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের (ইসি) তফশিল অনুযায়ী, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন, ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখ বা তার আগেই নিজের স্বাক্ষরযুক্ত লিখিত নোটিশের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। এ আবেদন প্রার্থী নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন।

একই নির্বাচনি এলাকায় কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলে, দলের সভাপতি বা সাধারণ সম্পাদক কিংবা অনুরূপ পদধারী ব্যক্তির স্বাক্ষরিত লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। সে ক্ষেত্রে দলীয় অন্য মনোনীত প্রার্থীরা আর প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না।

ইসির পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, একবার প্রার্থিতা প্রত্যাহারের লিখিত নোটিশ প্রদান বা রাজনৈতিক দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন জানানো হলে, তা কোনো অবস্থাতেই প্রত্যাহার বা বাতিল করা যাবে না।

রিটার্নিং অফিসার যদি সন্তুষ্ট হন যে প্রার্থিতা প্রত্যাহারের নোটিশ বা দলের চূড়ান্ত মনোনয়নের পত্রে সংশ্লিষ্ট প্রার্থী বা দলের দায়িত্বপ্রাপ্ত নেতার স্বাক্ষর সঠিক, তবে ওই নোটিশের একটি অনুলিপি তার কার্যালয়ের দর্শনীয় স্থানে টানিয়ে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখের পরদিন রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রস্তুত করে তা প্রকাশ করবেন। এরপর ২১ জানুয়ারি আইন ও বিধি অনুসারে নির্ধারিত ফরম-৫ অনুযায়ী বাংলা বর্ণানুক্রমে প্রার্থীদের নাম সাজিয়ে প্রতীক বরাদ্দসহ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি ৩০০টি নির্বাচনি এলাকায় জমা পড়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

তফশিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তির কার্যক্রম গত রোববার শেষ হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, এ সংক্রান্ত ৬৪৫টি আপিলের মধ্যে ৪২৫টি মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি আপিল প্রত্যাহার করা হয়েছে।

This post was viewed: 46

আরো পড়ুন