Skip to main content

Ridge Bangla

পিএসসির প্রশ্ন ফাঁস: আবেদ আলী তিন দিনের রিমান্ডে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক বিপুল আর্থিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা এক মামলায় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে আবেদ আলীকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদকের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. সাব্বির ফয়েজ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত বছরের ৫ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, আবেদ আলীর ১২টি ব্যাংক হিসাবে অন্তত ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনের তথ্য মিলেছে। এছাড়া তার নামে ৩ কোটি ৭৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, আবেদ আলীর স্ত্রী ও ছেলের নামেও কোটি কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তাদের ব্যাংক হিসাবগুলোতেও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডির অভিযানে আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়। সেই সময় তার অঢেল সম্পদের খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ মূলধারার সংবাদমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর প্রাথমিক তদন্তে ঢাকার পাইকপাড়ায় বহুতল ভবন, মাদারীপুরে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি ও একাধিক ফ্ল্যাটের মালিকানা পাওয়ার পর দুদক আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

This post was viewed: 58

আরো পড়ুন