পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপির কার্যালয়ে সন্ত্রাসী কর্তৃক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনের এই ঘটনায় কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ছবি, ব্যানারের পাশাপাশি টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্র জানায়, রাতের নীরবতায় মোটরসাইকেলের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী বলেন, রাত আনুমানিক ১২টার দিকে আগুনের খবর পান। এর আগের দিন উপজেলায় রাজনৈতিক ইস্যুতে সংঘর্ষ ও মামলা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছিল। তিনি ধারণা করছেন, ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হতে পারে। নির্বাচন সামনে রেখে একটি মহল এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।