বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বিস্তৃত করার বড় সুযোগ রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে এবং জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। সাক্ষাতে আকিয়ে আবে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।
বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা, জাপানে কেয়ারগিভার ও নার্স নিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে জাপানে এসব পেশায় দক্ষ জনবলের চাহিদা বাড়ছে বলে উল্লেখ করা হয়। এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জানান, জাপানে কর্মসংস্থানের জন্য বাংলাদেশ সরকার নার্স ও কেয়ারগিভার প্রশিক্ষণ এবং জাপানি ভাষা শিক্ষার কার্যক্রম সম্প্রসারণ করেছে।
সামুদ্রিক দূষণ রোধে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন আকিয়ে আবে। তিনি বঙ্গোপসাগর দূষণমুক্ত রাখতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা এবং মহেশখালী-মাতারবাড়ী এলাকায় তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি হয়েছে, যা আরও বাড়াতে তিনি সহযোগিতা চান।