Skip to main content

Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাৎটি রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে একটি আন্তরিক ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান সপরিবারে যমুনায় প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূস অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সৌজন্য সাক্ষাতে দুই পরিবারের সদস্যরা পরস্পরের কুশলাদি বিনিময় করেন। আলোচনায় রাজনীতির গণ্ডি অতিক্রম করে পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয় উঠে আসে। সাক্ষাৎকালে ছিল সৌহার্দ্যপূর্ণ ও স্বাভাবিক পারিবারিক আবহ, যেখানে দুই পরিবারের সদস্যরা মুক্ত পরিবেশে সময় কাটান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক রহমান। এরপর তিনি নিজ বাসভবনে যান এবং সেখানে অল্প সময় অবস্থান করেন। সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বাসভবন ত্যাগ করে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

This post was viewed: 40

আরো পড়ুন