Skip to main content

Ridge Bangla

ঝুঁকিপূর্ণ ২২ হাজার ভোটকেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রায় ২২ হাজার ভোটকেন্দ্রে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ খাতে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে মারাত্মক ঝুঁকির আওতায় থাকা ভোটকেন্দ্রের সংখ্যা ২১ হাজার ৯৪৬টি। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে ২ হাজার ৩৯২টি ভোটকেন্দ্র। বাকি কেন্দ্রগুলো ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অবস্থিত।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। একই সঙ্গে সুষ্ঠু ভোটগ্রহণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করতে জেলা প্রশাসকরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনার দাবি জানান। বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল।

এই পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেয়, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ছয়টি করে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রতি কেন্দ্রের জন্য ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার মোট ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৮০০ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

This post was viewed: 51

আরো পড়ুন