বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত এই তিন পরিচালক হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি)-এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
বিমান পরিচালনা পর্ষদে এ তিনজনের অন্তর্ভুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। জাতীয় নিরাপত্তা, প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তাদের যুক্ত হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, কর্পোরেট শাসনব্যবস্থা এবং কৌশলগত ব্যবস্থাপনায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।