নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’-এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। গত ১৬ ডিসেম্বর টাইটেল ঘোষণার পর ধারাবাহিকভাবে প্রকাশিত এই ফার্স্ট লুকেই স্পষ্ট হয়ে উঠেছে ছবিটির ভিন্নধর্মী চরিত্র ও শক্তিশালী ভিজ্যুয়াল ভাষা।
পোস্টারে অভিনেতা ম্যাক দিদারকে দেখা যায় রক্তমাখা ছয় প্যাক শরীর, ব্যান্ডেজ বাঁধা বুক, এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা হিংস্র কুকুর নিয়ে এক ভয়ংকর ও আক্রমণাত্মক রূপে। পুরো পোস্টারজুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও সহিংসতার ইঙ্গিত, যা এর আগে খুব একটা দেখা যায়নি।
সব মিলিয়ে ফার্স্ট লুক দেখেই বোঝা যায়, ‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভায়োলেন্সনির্ভর একটি শক্তিশালী সিনেমা, যেখানে চরিত্রের গভীরতা ও নজরকাড়া ভিজ্যুয়ালই দর্শকদের প্রধান আকর্ষণ হয়ে উঠবে।
নির্মাতা অনিক বিশ্বাস জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাস্টিংয়ে আরও কারা থাকছেন, সে বিষয়ে তিনি আপাতত মুখ খুলছেন না। তবে খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণার আশ্বাস দিয়েছেন।