ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি নির্বাচন কমিশনে তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে এসব আপিলের শুনানি শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের যুক্তি ও অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন।
এর আগে গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল নিষ্পত্তি করা হয়। ওইদিন ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ৫১ জন প্রার্থী তাঁদের মনোনয়ন ফিরে পান। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিল মঞ্জুর করা হয়। এছাড়া ১৫টি আবেদন নামঞ্জুর করা হয় এবং তিনটি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এরপরের দিন রোববার আপিল শুনানির দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করে। এদিন ৫৭ জনের আপিল মঞ্জুর করা হয়। বিভিন্ন কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৬ জনের আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।