বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরেন এবং এই সম্পর্ক বাংলাদেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় উন্নয়ন সহযোগিতা, অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যিক বিনিয়োগ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। অন্যদিকে জামায়াত আমির দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) ও নাফিসা (লিয়াং শুইন)।