Skip to main content

Ridge Bangla

সন্ধ্যায় ঢাকায় আসছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে তাঁর ঢাকা মিশন শুরু হবে। এর অংশ হিসেবে আগামী দুই দিনে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।

এর আগে গত ৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাঁকে স্বাগত জানায়।

নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত। এই দেশে আবার ফিরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে একটি দক্ষ ও শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় করতে চাই।” তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে এবং যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করতে তিনি আগ্রহী।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, যিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্যমতে, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং এর আগেও ঢাকায় মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে কাজ করেন।

This post was viewed: 38

আরো পড়ুন