দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটানোর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করেন তিনি। পরে একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে নামার পরপরই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এরপর তিনি সরাসরি কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট এলাকায় যান, যেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।
এদিকে, তারেক রহমানের দেশে ফেরার সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, তারেক রহমান প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে হ্যান্ডশেক করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখের এক অনুষ্ঠানের ছবি, বহু বছর আগে তোলা। যদিও ছবিটির বিস্তারিত তথ্য স্পষ্ট নয়, তবুও এটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।