মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর সঙ্গে সাদৃশ্য টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’; দেশের মানুষের জন্য, দেশের জন্য আমার একটি পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের দোয়া ও আল্লাহর অশেষ রহমতেই তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, মাঠে থাকা নেতাকর্মী এবং টেলিভিশন ও গণমাধ্যমে অনুষ্ঠান দেখা দেশবাসীকে তিনি শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মার্টিন লুথার কিং যেমন স্বপ্ন দেখেছিলেন, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে তিনি দেশের মানুষের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চান। তার ভাষায়, এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থ, উন্নয়ন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রণীত।
তারেক রহমান আরও বলেন, আল্লাহর রহমত ও সহায়তা থাকলে বাংলাদেশের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি দেশবাসীকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করার আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তাদের অবশ্যই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতা ও নৈতিকতার আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।