Skip to main content

Ridge Bangla

কড়া নিরাপত্তায় ৩০০ ফিট রোডে তারেক রহমানের যাত্রা

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে দলের স্থায়ী কমিটির নেতাদের সংবর্ধনা গ্রহণের পর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার আগে বাসে ওঠার পূর্ব মুহূর্তে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি তোলেন।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

বিমানবন্দর ত্যাগের পর তিনি লাল ও সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট রোড) অতিক্রম করেন। এই পথ ধরে তিনি সংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়ে অংশ নেবেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং “সবার আগে বাংলাদেশ” স্লোগান সম্বলিত রয়েছে।

সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে। পুরো পথজুড়ে কড়া নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

This post was viewed: 48

আরো পড়ুন