অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাজারে আতপ চালের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হবে। ভারত থেকে আমদানি করা চালের দাম গতবারের তুলনায় কিছুটা কম হওয়ায় এটি স্বস্তির বিষয়।
ড. সালেহউদ্দিন আরও জানান, মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আনা হচ্ছে এবং আরও ৪০ হাজার মেট্রিক টন সার আসবে। এই সারের দামও তুলনামূলকভাবে সহনীয়। রমজানকে সামনে রেখে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে রাইস ব্র্যান অয়েল আমদানিও বাড়ানো হবে।
সভায় অর্থ উপদেষ্টা জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের চারটি সড়ক প্রকল্প এবং ময়মনসিংহে ১৯টি বিদ্যুৎ সাবস্টেশন বিতরণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ অনুমতি বাতিল করতে পারে, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববাজারে চালের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে, বিশেষ করে চীনের বৃহৎ আমদানির কারণে মূলত ভিয়েতনাম থেকে চালের সরবরাহ সীমিত হওয়ায় দেশীয় বাজারে চাপ পড়েছে।