অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এ দেশের মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম, বর্ণ ও সংস্কৃতির প্রতি পারস্পরিক শ্রদ্ধা রেখে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় করে আসছে। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সব নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। তিনি বলেন, খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট শান্তি, ন্যায় ও মানবমুক্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। মানবজাতিকে সত্য, কল্যাণ ও ন্যায়ের পথে পরিচালিত করাই ছিল তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।
প্রধান উপদেষ্টা আরও বলেন, যিশু খ্রিষ্ট আজীবন বিপন্ন, অবহেলিত ও অনাহারক্লিষ্ট মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং ক্ষমা, ভালোবাসা ও মানবতার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর জীবনাচরণ ও নৈতিক আদর্শ আজও মানবজাতির জন্য অনুকরণীয়। তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।