Ridge Bangla

মাঠ কর্মকর্তাদের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা জমা দিতে ইসির নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা পাঠাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির কর্তৃক এই নির্দেশনা সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ অনুসারে গত ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২০ অক্টোবর প্রাথমিকভাবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়।

ইসি জানিয়েছে, প্রাথমিক চূড়ান্ত তালিকাভুক্ত ভোটকেন্দ্রগুলোতে নীতিমালা অনুযায়ী কোনো ধরনের পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করে সংশোধিত তালিকা পাঠাতে হবে।

তালিকা প্রেরণের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সতর্কতার সঙ্গে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী এলাকার নাম ও নম্বর সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কি না, উপজেলা বা থানার নাম নির্ভুল কি না, ভোটকেন্দ্রের ক্রমিক ও সিরিয়াল নম্বর সঠিক আছে কি না এবং ভোটার সংখ্যা যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কি না। পাশাপাশি সব তথ্যের যোগফল মিলিয়ে দেখা এবং অস্থায়ী ভোটকেন্দ্র বা কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলামে ব্যাখ্যাসহ ‘অস্থায়ী’ শব্দটি উল্লেখ করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া নীতিমালা অনুযায়ী ভোটার সংখ্যার অনুপাতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়টিও পুনরায় পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যেসব ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব নতুন ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়েছে, সেগুলোর আসনভিত্তিক সারসংক্ষেপ পাঠাতে হবে। একই সঙ্গে ভোটকেন্দ্র প্রস্তাবগুলো জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ অনুযায়ী করা হয়েছে, এ মর্মে সিনিয়র জেলা নির্বাচন অফিসার অথবা জেলা নির্বাচন অফিসারের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন