আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার সতর্ক করে বলেছেন, বাংলাদেশ থেকে যদি ভারতের মূল ভূখণ্ডের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়, তবে ভারত দীর্ঘ সময় নীরব থাকবে না। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত এক বছরে বাংলাদেশ থেকে বারবার এমন বক্তব্য প্রকাশিত হয়েছে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার বিষয় উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, “এমন চিন্তাভাবনা বাংলাদেশের জন্য ভুল এবং এটি একটি খারাপ মানসিকতার পরিচয় বহন করে।” তিনি আরও বলেন, “ভারত একটি বৃহৎ দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আমাদের সাহায্য নেওয়ার পাশাপাশি যদি কেউ ভারতের বিরুদ্ধে এমন আচরণ করে, আমরা চুপ করে থাকব না।”
এই প্রতিক্রিয়া আসে বাংলাদেশের সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পর। হাসনাত বলেন, ভারতের আটটি রাজ্য নিয়ে গঠিত উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করা উচিত। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের অর্থ ও অস্ত্র দিয়ে ভারত বর্তমান সরকারের বিরুদ্ধে উসকানি দিচ্ছে।
হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন, ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের নিজ ভূখণ্ডে থাকা দুটি ‘ঝুঁকিপূর্ণ চিকেনস নেক’ বিষয়ে চিন্তা করা উচিত। তিনি ব্যাখ্যা করেন, একটি করিডোর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে গেছে এবং অন্যটি ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।