Ridge Bangla

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় নতুন প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা জোরদার করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় শীর্ষ দুই নেতার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও কার্যকর করতে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় ও বাস্তবায়নের কাজ করবেন।

দলীয় সূত্র জানায়, নিরাপত্তা ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিবেচনায় নিয়ে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তিনি দলীয় নেতাদের নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

This post was viewed: 46

আরো পড়ুন