Skip to main content

Ridge Bangla

হাদিকে হত্যাচেষ্টা: তিনটি অস্ত্র উদ্ধার, শুটার ফয়সালের বাবা গ্রেপ্তার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নতুন অগ্রগতি পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সঙ্গে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মূল শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে নরসিংদীতে ফয়সালের শ্বশুরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একটি পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় বিজয়নগরে নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে যাওয়ার সময় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। মোটরসাইকেলে আসা দুজনের একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে মাথায় গুরুতর আহত হন হাদি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে নেমে হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান শুটার) এবং আলমগীর হোসেন, মোটরসাইকেল চালক। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, বান্ধবী ও শ্যালককেও গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়েছে।

This post was viewed: 53

আরো পড়ুন