Ridge Bangla

দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কে নির্বাচনে অংশ নেবেন আর কে নেবেন না, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন, সেটি তার নিজস্ব মতামত; এর সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের কাছে ছয়টি লেগুনা গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ, সাংবাদিক, ব্যবসায়ীসহ সবাই নিরাপদে চলাফেরা করছেন। এমন বাস্তবতায় কেউ যদি নিজেকে নিরাপত্তাহীন মনে করেন, তা তার ব্যক্তিগত অনুভূতি। তবে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে।

নারায়ণগঞ্জে এক প্রার্থীর নিরাপত্তাজনিত কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী কেন নির্বাচন করবেন না, তা সরকার নির্ধারণ করে না। এই বিষয়ে মন্তব্য করার সুযোগও সরকারের নেই।

এ সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাদি একজন জুলাই যোদ্ধা এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নিরাপত্তাজনিত কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

This post was viewed: 37

আরো পড়ুন