Ridge Bangla

রুশ হামলায় স্থায়ী সংকটে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা

রাশিয়ার লাগাতার হামলার কারণে ইউক্রেনের বিদ্যুৎ খাত কার্যত স্থবির হয়ে পড়েছে। দেশটির বিদ্যুৎ খাত স্থায়ী সংকটের দিকে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানির প্রধান। ইউক্রেনের ৫৬ লাখ মানুষের বিদ্যুৎ সরবরাহকারী ডিটিইকের প্রধান নির্বাহী ম্যাকসিম টিমচেঙ্কো বিবিসিকে বলেন, হামলার তীব্রতা এত বেশি যে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার আগেই নতুন আঘাত আসছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। টিমচেঙ্কো বলেন, “ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে। আমাদের আর ঘুরে দাঁড়ানোর সময়ই থাকছে না।”

এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়া জানে শীতের ঠান্ডাই হতে পারে তাদের সবচেয়ে ভয়ংকর অস্ত্র। মঙ্গলবার নেদারল্যান্ডসের পার্লামেন্টে তিনি বলেন, “প্রতি রাতে ইউক্রেনীয় বাবা-মায়েরা সন্তানদের নিয়ে বেসমেন্ট ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন, এই আশায় যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টিকে থাকবে।”

পূর্ণমাত্রার যুদ্ধের চার বছর পূর্তির প্রাক্কালে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় সমন্বিত রুশ হামলার পর টানা তিন দিন ধরে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়ে শীতকালে ইউক্রেনের ওপর চাপ আরও বাড়ানোর কৌশলই নিচ্ছে মস্কো।

This post was viewed: 40

আরো পড়ুন