আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটদানের জন্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে।
ইসির তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪৯৯ জন এবং নারী ভোটার ২৮ হাজার ২৭৮ জন। এছাড়া দেশের মধ্য থেকে নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৪২৮ জন, যাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৫৯ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন যারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ। নিবন্ধনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ইসি প্রবাসী ভোটারদের আহ্বান জানিয়েছে, ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই নিজ দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু, আত্মীয় বা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করতে পারবে।