Skip to main content

Ridge Bangla

২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে যাবেন। লন্ডনে প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ইনশাআল্লাহ আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। স্লোগান না দিয়ে শান্তভাবে বসুন, আসুন আমরা কিছু মতবিনিময় করি।”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য স্মরণ করে বলেন, দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর প্রবাসে অবস্থানকালে যুক্তরাজ্যের নেতাকর্মীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তবে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার মাধ্যমে সেই অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে।

বিজয় দিবসের আলোচনায় তারেক রহমান দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫, ১৯৮১, ১৯৯৬সহ বিভিন্ন সময়ে যারা ষড়যন্ত্র করেছে, তাদের অপতৎপরতা এখনো থেমে নেই। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনের সময় সহজ হবে না। তবে ঐক্য ধরে রাখতে পারলে দলের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে। তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

This post was viewed: 59

আরো পড়ুন