Ridge Bangla

হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের ৩ দিনের রিমান্ড

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পল্টন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে এদিন মো. আব্দুল হান্নানকে আদালতে হাজির করা হয়। প্রথমে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সামিম হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আরেক আবেদনে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি পলাতক অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা জরুরি। একই সঙ্গে হামলার পেছনের মূল রহস্য উদঘাটন, অর্থের যোগান ও তথ্যপ্রবাহ নির্ণয় এবং অবৈধ অস্ত্র সংগ্রহের উৎস জানতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

র‍্যাব-২–এর তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫। পরবর্তীতে বিআরটিএর তথ্য যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার পথে শরিফ ওসমান হাদির ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা চালায়। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

This post was viewed: 39

আরো পড়ুন