ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজনরা দেশ ছাড়েনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিদেশে পালানোর সব সম্ভাবনা নাকচ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির এক সংবাদ সম্মেলনে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের পাসপোর্ট ইতোমধ্যে ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ পর্যালোচনায় দেখা গেছে, তারা কেউ দেশ ত্যাগ করেননি।
নজরুল ইসলাম জানান, হামলার ঘটনায় আলোচিত ফয়সালের পাসপোর্ট নম্বর শনাক্ত করা হয়েছে। তাঁর সর্বশেষ ভ্রমণ রেকর্ড অনুযায়ী, তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন এবং এরপর আর কোনো বিদেশযাত্রার তথ্য পাওয়া যায়নি। ফলে সন্দেহভাজনরা দেশের ভেতরেই অবস্থান করছে বলে পুলিশের ধারণা।
এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “শুধু একজন জুলাই যোদ্ধা হাদি নন, দেশে লক্ষ জুলাই যোদ্ধা রয়েছেন। সবার জন্য আলাদা নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে যাদের ক্ষেত্রে হুমকির মাত্রা বেশি, তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, হাদির ওপর হামলার পর সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হামলার নেপথ্য পরিকল্পনা ও জড়িতদের শনাক্তে তদন্ত এগিয়ে চলছে।